ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ওয়ানডে অধিনায়ক হলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক | জুলাই ২৯, ২০২৬, ০৯:০৬ পিএম ওয়ানডে অধিনায়ক হলেন লিটন দাস

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাট—ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের একটি সূত্র জানিয়েছে।


সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। বিশেষ করে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের হারের পর তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। এরপর থেকেই গুঞ্জন ছিল, ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন আসতে পারে।

অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। মিরাজকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে লিটন দাসের হাতে তুলে দেওয়া হয়েছে ওয়ানডে দলের অধিনায়কত্ব।

এর আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন লিটন। নতুন সিদ্ধান্তের ফলে জাতীয় দলের সাদা বলের ক্রিকেটে তার দায়িত্ব আরও বেড়ে গেল।


এদিকে, সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথেই বুধবার দেশে ফিরেছেন তিনি। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্যই এলপিএল ছেড়েছেন এই অলরাউন্ডার।

কালের সমাজ/কে.পি
 

Link copied!