ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

আল নাসর ছাড়বেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:১০ পিএম আল নাসর ছাড়বেন রোনালদো!

সম্প্রতি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মতে, পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ না করে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে। যার ফলে আল নাসর ছাড়ার হুমকি দিয়েছেন এই পর্তুগিজ তারকা।

ইএসপিএনের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিবর্তনের নিশ্চয়তা না মিললে জুন মাসে ক্লাব ছাড়ার আবেদন জানাতে পারেন রোনালদো। 

গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচেও তিনি খেলতে অস্বীকৃতি জানান। তার অভিযোগ, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ না করে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে।

এমনকি আল ইত্তিহাদ থেকে ফরাসি তারকা করিম বেনজেমাকে আল হিলালে নেওয়ার প্রক্রিয়াও ঠেকানোর চেষ্টা করেন রোনালদো। তার মতে, এই পদক্ষেপ শিরোপা জয়ে আল হিলালকে এগিয়ে দিতে নেওয়া হয়েছে।

যদিও পুরো সপ্তাহ জুড়েই দলের সঙ্গে অনুশীলন করেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবিও প্রকাশ করেন তিনি। তবে ক্লাবের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তার উপস্থিতি ছিল না।

পর্দার আড়ালে রোনালদো স্পষ্ট করে দিয়েছেন, ক্লাব ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল এবং সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোর মতো হস্তক্ষেপ ভবিষ্যতে না হওয়ার নিশ্চয়তা মিললেই কেবল তিনি খেলায় ফিরবেন। শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচ রয়েছে আল নাসরের।

সম্প্রতি আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও সিইও জোসে সেমেদোকে পিআইএফ সাময়িক বরখাস্ত করে। এতে ক্ষুব্ধ হন রোনালদো। একইসঙ্গে ক্লাবের ব্যয়ও কমানো হয়, যা শক্তিশালী দল গঠনে বাধা হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, আল হিলাল ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেয়ে স্কোয়াড শক্তিশালী করেছে। বেনজেমাসহ সাম্প্রতিক সব সাইনিংয়ের অর্থায়ন তার পক্ষ থেকেই হয়েছে বলে সূত্র জানায়।

২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব থাকলেও বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যাঘাতের আশঙ্কায় এখনই ক্লাব ছাড়তে চান না তিনি। গত গ্রীষ্মে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন রোনালদো, যেখানে রয়েছে ৫ কোটি ইউরোর রিলিজ ক্লজ।

তবে সৌদি প্রো লিগ তাদের সবচেয়ে বড় তারকাকে হারাতে চায় না। গ্রীষ্মে বড় বিনিয়োগের আশ্বাস দিয়েছে আল নাসর ও পিআইএফ। সম্ভাব্য শক্তিবৃদ্ধি হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেসের নাম আলোচনায় রয়েছে।

এদিকে আল হিলালের সিইও এসতেভে কালজাদা রোনালদো ও আল নাসরের অসন্তোষের বিষয়টি বুঝতে পারছেন না বলে জানান। তার দাবি, বেনজেমার মতো তারকার আগমনে মাঠের পাশাপাশি বাণিজ্যিক ও গণমাধ্যম ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!