ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন সারাংশ জৈন

স্পোর্টস ডেস্ক | আগস্ট ২৩, ২০২৬, ০২:২৭ পিএম টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন সারাংশ জৈন

মাঠে নামার আগেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন সারাংশ জৈন। ৩৩ বছর ১৪৫ দিন বয়সে টেস্ট অভিষেক করে ২১ শতকে ভারতের হয়ে টেস্ট অভিষেক করা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হয়েছেন এই অফস্পিনার। খবর নিউজ ১৮-এর।

রোববার (২৩ আগস্ট) কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে রবীন্দ্র জাদেজার কাছ থেকে ভারতের টেস্ট ক্যাপ পান সারাংশ। এর মধ্য দিয়ে ১৯৯৮ সালে ৩৫ বছর ২৩ দিন বয়সে টেস্ট অভিষেক করা রবিন সিংয়ের পর তিনিই ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলা ক্রিকেটার।

ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ড অবশ্য রুস্তমজি জামশেদজির দখলে। ১৯৯৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৪১ বছর ২৭ দিন বয়সে টেস্ট অভিষেক করেছিলেন তিনি। সেটিই ছিল তার একমাত্র টেস্ট।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ড ইংল্যান্ডের জেমস সাউথার্টনের। ১৮৭৭ সালের মার্চে ৪৯ বছর ১১৯ দিন বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম টেস্ট খেলেছিলেন তিনি। ক্যারিয়ারে মোট দুটি টেস্ট খেলেন সাউথার্টন।

দ্বিতীয় টেস্টের একাদশে সারাংশ জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের বদলে। ভাইরাল সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় কুলদীপকে একাদশে রাখা হয়নি। তবে প্রয়োজন হলে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামতে পারবেন তিনি।

মূলত অফস্পিনার হলেও সারাংশ একজন অলরাউন্ডার। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে তার সংগ্রহ ১৮৮ উইকেট। বোলিং গড় ২৭.৩০। এর মধ্যে রয়েছে ১০টি পাঁচ উইকেটের ইনিংস। ব্যাট হাতেও কার্যকর সারাংশ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৭৫ গড়ে করেছেন ২ হাজার ২২৩ রান। রয়েছে দুটি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি।

সর্বশেষ রঞ্জি ট্রফি মৌসুমে মধ্যপ্রদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সারাংশ। দলের সর্বোচ্চ ৫১৮ রান করার পাশাপাশি নিয়েছেন ৩০ উইকেট। উইকেট শিকারে মধ্যপ্রদেশের হয়ে তার চেয়ে এগিয়ে ছিলেন শুধু কুমার কার্তিকেয়া, যিনি নিয়েছিলেন ৩৫ উইকেট।

কালের সমাজ/এসআর

Link copied!