চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শনিবার (২২ আগস্ট) বিকেলে প্রয়াত তপন বকসীর নিজ গ্রাম হারংয়ে বকসী বাড়িতে পুলিশের একটি চৌকশ দল তাকে ওই সম্মান প্রদান করে।
এর আগে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে তার দেহ মুড়িয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. মিজানুর রহমান। প্রয়াত তপন বকসী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি ছিলেন। এছাড়া তিনি চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৭টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
অন্তোষ্টিক্রিয়ার আগে তার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন- উপ-সচিব সাইফুল ইসলাম ভূইয়া, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মালেক, শিক্ষক নেতা কমল বকসী, চান্দিনা প্রেস ক্লাব সভাপতি রণবীর ঘোষ কিংকর, সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, প্রয়াত চেয়ারম্যানের ছেলে তন্ময় বকসী রাজু প্রমুখ। এসময় জেলার সব উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কালের সমাজ/এসআর

