ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কবিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, নোয়াখালী | অক্টোবর ২৯, ২০২৬, ০৯:৩৮ পিএম কবিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় কবিরহাট কলেজ মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "জাতীয়তাবাদী যুবদল হচ্ছে আন্দোলন-সংগ্রামের চালিকাশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে যুবদল বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

​কবিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক ও নোয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল বাছেত হিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিরহাট উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কালের সমাজ/কে.পি

Link copied!