ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২৯, ২০২৬, ০৭:৪৮ পিএম বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অনুমোদন দেওয়া হয়।

এই অনুমোদনের ফলে কেন্দ্রটির প্রথম ইউনিটে পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করার পথ খুলেছে। এ পর্যায়ে পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা নিয়ন্ত্রিত ধারাবাহিক পারমাণবিক বিভাজন প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে যে জটিলতা ছিল, সেটিও কাটিয়ে ওঠা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরবর্তী ধাপ ‘বি-২’-এ পারমাণবিক চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হবে। এরপর শুরু হবে ক্রিটিক্যালিটি পর্যায়। এ সময় চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন প্রতিষ্ঠার মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে পারমাণবিক শক্তি উৎপাদনের প্রক্রিয়া চালু করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক কার্যক্রমের বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় সঞ্চালন গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের জন্য রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!