ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৩০, ২০২৬, ১০:৫৩ এএম জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্য

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বাড়ানো, জলবায়ু অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক বিশেষ প্রতিনিধি র‍্যাচেল কাইটের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।

শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বিশেষ করে জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, কার্বন বাজার এবং সবুজ ও নীল অর্থনীতিতে বিনিয়োগের সম্ভাবনা আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু মোকাবিলার উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়েও তিনি আলোচনা করেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে। বিশেষ করে নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ ছাড়া জলবায়ুসংশ্লিষ্ট প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রস্তুতি ও অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়। এ সম্মেলনকে সামনে রেখে জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম এবং অভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!