ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২৯, ২০২৬, ১০:২৯ পিএম বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা

পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে গুলিতে বিএনপির এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুজন হলেন পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) এবং একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন হোসেন (৪০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। তাঁর সহযোগী রিপন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের একটি ব্যবসায়িক অফিস রয়েছে। ঘটনার সময় সেখানে সালাম ও রিপন বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫ থেকে ৭ জনের একটি দল সেখানে এসে তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

গুলিতে আহত সালাম ও রিপনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ থেকে ৭ জনের একটি দল গুলি করতে করতে সালামের অফিসে ঢুকে হামলা চালায়। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে থেকে হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে বলে জানান তিনি

কালের সমাজ/কে.পি

Link copied!