ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৮, ২০২৬, ০৪:৪৩ পিএম আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সংগৃহীত চালের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

সরকার নির্ধারিত সংগ্রহমূল্য অনুযায়ী, প্রতি কেজি ধানের দাম ৩৫ টাকা, সিদ্ধ চালের দাম ৪৯ টাকা এবং আতপ চালের দাম ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাদ্যমন্ত্রী জানান, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, গত বছর সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল। ওই বছর ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।

খাদ্যমন্ত্রী আরও জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের মূল লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এ সংগ্রহ অভিযানের মূল উদ্দেশ্য বলে জানান খাদ্যমন্ত্রী।

কালের সমাজ/কে.পি

Link copied!