ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত আছে, দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | মার্চ ৯, ২০২৬, ০৭:০১ পিএম ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত আছে, দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে সাময়িক সংকটের খবর পাওয়া গেছে, তা মূলত ভোক্তাদের অতিরিক্ত কেনাকাটার প্রবণতার কারণে সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে বেশি করে পণ্য কিনে রাখার কারণে কিছু এলাকায় সরবরাহে চাপ তৈরি হয়েছে।


তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশের পরই পরিস্থিতি যাচাই করতে এ বৈঠক করা হয়। আমদানিকারক ও রিফাইনারি মালিকদের তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

নিজের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন বড় দোকানগুলোতে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং বোতলে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুত রেখে লিটারপ্রতি দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।


ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারে পণ্যের ঘাটতি নেই। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার প্রয়োজন নেই। এতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস কিংবা ভোজ্যতেল—কোনো ক্ষেত্রেই সংকট নেই। এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, বাজারে অনিয়ম রোধে তদারকি কার্যক্রম জোরদার করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাবে।

মন্ত্রী আশ্বস্ত করে বলেন, “তেলের দাম এক ফোঁটাও বাড়বে না। ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন।”

 

 

বিষয়: বাণিজ্যমন্ত্রী ভোজ্য তেল

Link copied!