প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকার আপাতত অনলাইন ক্লাস চালুর দিকে যাচ্ছে না। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকার অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর বিষয়ে কোনো বড় পরিকল্পনা করছে না এবং এ নিয়ে মন্ত্রিসভাতেও উল্লেখযোগ্য আলোচনা নেই।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে যে বরাদ্দ দেওয়া হচ্ছে, তা কীভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে।
এ ছাড়া তিনি জানান, আগামী মে-জুন মাসে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। এ খাতকে ঘিরে সামনে বড় ধরনের পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাখাতে অতীতে যেসব প্রকল্প বা কার্যক্রম স্থবির হয়ে আছে, সেগুলো পুনরায় সক্রিয় ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
কালের সমাজ/ওজি

