তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রীতি জান্নাত মিষ্টি। সৌন্দর্য আর অভিনয়ে জয় করেছেন দর্শকদের মন। অভিনয়, মডেলিং ও নৃত্য; তিন ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে চলছেন তিনি। অভিনয় করছেন একের পর এক নাটক ও বিজ্ঞাপনে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেও আলোচনায় রয়েছেন এই মডেল ও অভিনেত্রী।
প্রীতি জান্নাত মিষ্টি সম্প্রতি অভিনয় করেছেন নির্মাতা সাদেক সিদ্দিকী পরিচালিত ঈদের সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটকে। রাজধানীর একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। `মধুমতি ভিলা` শিরোনামে ত্রিভুজ প্রেমের এই নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়াক শিপন মিত্র। আগামী কোরবানির ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ এই ধারাবাহিকটি।

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে প্রীতি জান্নাত মিষ্টি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি বিজ্ঞপন ও নাটকে কাজ করেছি। তার মধ্যে সাদেক সিদ্দিকী ভাইয়ার পরিচালনায় বৈশাখী টিভির সাত পর্বের ধারাবাহিক `মধুমতি ভিলা` তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এতে আমার বিপরীতে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক শিপন মিত্র। নাটকটির গল্পও অসাধারণ। আশা করি এ কাজটির মাধ্যমেও ভাল সাড়া পাবো।
প্রীতি জান্নাত মিষ্টি আরো জানান, নাটকের পাশাপাশি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনেও কাজ করা হয়েছে । এর মধ্যে কাজী ঘি এর বিজ্ঞাপন ও হেদায়েত উল্লাহ তুর্কির পরিচালনায় এসএম মাগুরা রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মডেলিং, অভিনয় ও নাচের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মানা পেয়েছেন প্রীতি জান্নাত মিষ্টি। রাজধানীর কচিকাচার আসরে লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য মিডিয়া কমিউনিকশনের যৌথ আয়োজনে `রঙিলা বৈশাখ` শিরোনামে একটি অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
কালের সমাজ/এসআর

