সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটি এ বিষয়ে কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে আসন্ন জাতীয় বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে বেতন ও অন্যান্য সুবিধা সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এরপর নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নতুন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হতে পারে। এ পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান মূল বেতনের সঙ্গে অতিরিক্ত ৫০ শতাংশ সমন্বিত বেতন পাবেন।
পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে আরও সমপরিমাণ সমন্বয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা আগের নিয়মেই বহাল থাকবে। পরে ২০২৮-২৯ অর্থবছরে এসব অতিরিক্ত সুবিধা একসঙ্গে কার্যকর করা হতে পারে।
নতুন পে-স্কেলের আওতায় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, মাঠ প্রশাসন ও বিচার বিভাগসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও আলাদা নির্দেশনা থাকতে পারে।
তবে পুরো বিষয়টি চূড়ান্ত অনুমোদনের পরই বিস্তারিত জানা যাবে।
কালের সমাজ/কে.পি

