ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

কালের সমাজ ডেস্ক | মে ২০, ২০২৬, ০৪:২০ পিএম হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২০ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৭ জনের শরীরে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ১২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৪১ হাজার ১২০ জন।

কালের সমাজ/কে,পি

Link copied!