ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে তাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়েছে।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকদের মতে, ইরানের সঙ্গে চলমান আলোচনা বা সম্ভাব্য কোনো সমঝোতা কেবল সময়ক্ষেপণের কৌশল ছাড়া আর কিছু নয়।
প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল।
এ লক্ষ্যে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য হামলার জন্য নতুন লক্ষ্যবস্তুর তালিকাও প্রস্তুত করেছেন বলে জানা গেছে। তালিকায় ইরানের অপরিশোধিত তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আইপিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটনের কাছে পাঠানো সাম্প্রতিক বার্তায় ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা যেকোনো উপায়ে ইরানের ওপর আবারও আক্রমণ শুরু করার সুযোগ খুঁজছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। তথ্যসূত্র : মিডল ইস্ট মনিটর
কালের সমাজ/ওজি

