জাপানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ আগস্ট) আঘাত হানা রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কম্পনের পর ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, জাপানের আবহাওয়া সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে আগামী কয়েক দিন আরও ভূমিকম্পের আশঙ্কায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
জাপানের কিয়োদো নিউজ জানিয়েছে, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। অবশ্য জাপানের ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে ইবারাকির কয়েকটি এলাকায় এবং মধ্য টোকিওতে ভূমিকম্পের তীব্রতা ৫-এর নিচে রেকর্ড করা হয়েছে।
এদিকে ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে টোকিওর উত্তরে সাইতামা এলাকায় এক তরুণ ও ৭০-এর কোঠার এক নারী রয়েছেন। এছাড়া কানাগাওয়া প্রিফেকচারে ৯ জন এবং চিবা প্রিফেকচারে চারজন আহত হয়েছেন।
ভূমিকম্পের পর বেশ কয়েকটি ট্রেন চলাচলে বিঘ্ন হয়। আবার বেশ কিছু ট্রেন গতি কমিয়ে চলাচল করে। তোবু রেলওয়ের পরিচালিত কয়েকটি এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে সাইতামা ও চিবা প্রিফেকচারের কয়েকটি এলাকা এবং মধ্য টোকিওতেও ৫-এর নিচে মাত্রার ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা হয়েছে।
ইবারাকি প্রিফেকচারের তোকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। উত্তর-পূর্ব জাপানের দুর্যোগকবলিত ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং এর কাছের ফুকুশিমা দাইনি কেন্দ্রেও কোনও অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
অবশ্য ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দ্রুত জনগণকে তথ্য দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
এছাড়া দেশটির আবহাওয়া সংস্থা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, আগামী এক সপ্তাহে ৫-এর নিচে মাত্রার আরও ভূমিকম্প হতে পারে। বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সর্বশেষ এই ভূমিকম্পের কম্পন উত্তর-পূর্ব ও মধ্য জাপানসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে বলেও জানানো হয়েছে।
কালের সমাজ/এসআর

