বরিশাল-৫ (সদর) আসনে ২২ হাজার ৪৮৬ ভোট পেয়েও জামানত হারিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাঠানো ভোটের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
নিয়মানুযায়ী জামানত বাজেয়াপ্ত ঠেকাতে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হবে। এ হিসাবে বরিশাল-৫ আসনে কোনো প্রার্থীর জামানত রক্ষায় ৩২ হাজার ৮০৯ ভোট পেতে হবে। কিন্তু ডা. মনীষা পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৪৭০।
আলোচিত এ নেতা বাসদের কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা সমন্বয়কারী। এছাড়া তিনি ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও অটোরিকশা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব। শ্রমজীবীদের নিয়ে নির্বাচনকালে মাঠ চষে বেড়িয়েছেন তিনি। এ নির্বাচনে ব্যয়ের টাকাও জোগাড় করে দিয়েছেন তার আসনের জনসাধারণ।
আসনটির মোট ৬ প্রার্থীর মধ্যে ডা. মনীষা ছাড়াও জামানত হারিয়েছেন আরও তিন প্রার্থী। তারা হলেন- জাতীয় পার্টির আখতার হোসেন, তিনি পেয়েছেন ৯০৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আবদুল হান্নান সিকদার, তিনি পেয়েছেন ৪৯৪ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) সাইদুর রহমান, তিনি পেয়েছেন ৩০০ ভোট।


আপনার মতামত লিখুন :