পুলিশের উপস্থিতিতে নির্ধারিত নিয়ম মেনে সিরিয়ালের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে তেল বিতরণ কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এসময় ট্যাগ অফিসার, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মোটরসাইকেল চালকদের হেলমেট ও রেজিস্ট্রেশন যাচাই করে তেল দেওয়া হয়। হেলমেটবিহীন কোনো চালককে তেল সরবরাহ করা হয়নি।
বলেশ্বর ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক মোবারক হোসেন জানান, সকালে ডিপো থেকে ৪ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটার পেট্রোল এবং ৪ হাজার লিটার অকটেন আনলোড করা হয়েছে। পরবর্তীতে নির্ধারিত নিয়ম মেনে সবার মাঝে তেল বিতরণ করা হচ্ছে।
এদিকে, উপস্থিত মোটরসাইকেল চালকরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে ২০০ টাকার বেশি তেল সরবরাহ না করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, এ সীমাবদ্ধতার কারণে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছেন না তারা। সার্বিক পরিস্থিতিতে প্রশাসনের নজরদারিতে তেল সরবরাহ কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হলেও সরবরাহের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন।
কালের সমাজ/ কে.পি

