ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

মুকসুদপুরে জ্বালানি তেলে শৃঙ্খলা আনতে চালু "ট্যাগ অফিসার" ব্যবস্থা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মার্চ ৩০, ২০২৬, ০৫:৩০ পিএম মুকসুদপুরে জ্বালানি তেলে শৃঙ্খলা আনতে চালু

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এর অংশ হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভকে মুকসুদপুর ফিলিং স্টেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি নিয়মিতভাবে ফিলিং স্টেশনে উপস্থিত থেকে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম তদারকি করছেন। তার সরাসরি নজরদারির ফলে স্টেশনে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং তেল বিতরণে অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে গ্রাহকরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছেন এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে মজুতদারি ও কালোবাজারি ঠেকাতে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

ট্যাগ অফিসার রাকিবুল হাসান শুভ জানান, নির্ধারিত নীতিমালা অনুযায়ী বৈধ কাগজপত্র ও হেলমেটসহ মোটরসাইকেল আরোহীদের ২০০ টাকার জ্বালানি তেল দেওয়া হচ্ছে। এছাড়া কৃষি অফিসের অনুমোদিত স্লিপের ভিত্তিতে সেচের জন্য সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত ডিজেল সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকলে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!