সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি)-এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি) মান্দা উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন। এতে ইমাম-মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মান্দা উপজেলায় অতীতে কোনো ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রীতি রক্ষায় এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উপজেলা পর্যায়ের পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও এ ধরনের আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ/ কে.পি

