সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার-এর আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানি শেষ হয়েছে এবং বর্তমানে এটি আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে পবিত্র জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনা চলাকালে মাওলানা আমির হামজা ইচ্ছাকৃতভাবে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাবেক এই মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘আপাদমস্তক ইসলাম বিদ্বেষী’ বলে জনসমক্ষে অভিহিত করেন বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একজন সংসদ সদস্য ও জনপ্রিয় বক্তা হওয়ায় তার বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং বিশ্বজুড়ে তার অপূরণীয় মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। মামলায় বলা হয়েছে, এই বক্তব্যের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে।
কালের সমাজ/ কে.পি

