ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রমে ট্যাগ অফিসার নিয়োগ

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | মার্চ ৩০, ২০২৬, ০৭:৫৪ পিএম সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রমে ট্যাগ অফিসার নিয়োগ

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের প্রতিনিধিরা।
 

সভায় প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে “ট্যাগ অফিসার” নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারি নির্দেশনা বাস্তবায়ন, তেল বিতরণে অনিয়ম প্রতিরোধ এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানানো হয়। পাশাপাশি গ্রাহকদের নির্ধারিত লাইনে দাঁড়িয়ে তেল প্রাপ্তি নিশ্চিত করা এবং অতিরিক্ত মূল্য আদায় রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

সভায় আরও জানানো হয়, মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। ট্যাগ অফিসারদের মাধ্যমে ফিলিং স্টেশনের দৈনিক মজুদ, ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানির পরিমাণ, রেজিস্টার সংরক্ষণ, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং ও বিক্রয়ের হিসাব নিয়মিত যাচাই করা হবে।
এছাড়া ডিপো থেকে জ্বালানি তেল গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি শুরু না হলে তা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। উদাহরণস্বরূপ, জ্বালানি গ্রহণের এক ঘণ্টার মধ্যে বিক্রি শুরু বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
 

ট্যাগ অফিসারদের আরও দায়িত্বের মধ্যে রয়েছে—ফিলিং স্টেশনের অনুমোদিত মজুদ ক্ষমতা যাচাই, অননুমোদিত স্থাপনা চিহ্নিত করা, ডিসপ্লে বোর্ড, ক্যাশ মেমো প্রদান, নির্ধারিত মূল্য অনুসরণ এবং অবৈধ বিক্রয় কার্যক্রম মনিটরিং করা। এছাড়া প্রতিদিন অন্তত তিনবার (সকাল, দুপুর ও সন্ধ্যা) স্টক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!