মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ‘পালকি পরিবহন’ ও ‘হানিফ পরিবহন’-এর দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রের মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, পালকি পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হয়ে যাওয়ায় সেটি এক্সপ্রেসওয়ের পাশে পার্কিং করে মেরামতের কাজ চলছিল। এ সময় বরগুনা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে পালকি পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ্চরের রয়েল হসপিটালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এখনও ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজাফর বলেন, ‘বিকেল ৩টা ৫০ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। উদ্ধারকাজ চলমান রয়েছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম শেষ করার পর দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত তথ্য জানা যাবে।
কালের সমাজ/কে.পি

