শনিবার দি ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল একাউন্টেন্টস অব বাংলাদেশ -এর উদ্যোগে পেশাজীবী সদস্য, শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে ‘সিজিএ নাইট ২০২৬’ রাজধানীর মিরপুরের পল্লবীস্থ বুফে লাউঞ্জ-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই সি টি -এর প্রিন্সিপাল মিসেস আমেনা বেগম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিজিএ বাংলাদেশ -এর সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফেলো, অ্যাসোসিয়েট সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, মতবিনিময় এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হয়।
প্রধান অতিথি প্রফেসর ড. হারুন তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দক্ষ ও নৈতিক হিসাববিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাগত শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সরকারি হিসাব ও আয়কর ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পেশাদার হিসাববিদদের দক্ষতা কাজে লাগাতে সরকারি চাকরিতে হিসাববিদদের জন্য পৃথক বিসিএস ক্যাডার চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন। তিনি দেশের উন্নয়নে সকল হিসাববিদকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সিএ, আইসিএমএ, সিজিএ- সহ সকল পেশাজীবী হিসাববিদদের এক সাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন ।
বিশেষ অতিথি মিসেস আমেনা বেগম তাঁর বক্তব্যে সিজিএ বাংলাদেশ-এর বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় উন্নয়নের স্বার্থে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মামুনুর রশিদ বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে হিসাববিজ্ঞান পেশা দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের এই যুগে পেশাজীবীদের দক্ষতা, সততা ও নৈতিকতার মান আরও উন্নত করা সময়ের দাবি। তিনি বলেন, সিজিএ বাংলাদেশ দক্ষ, নৈতিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হিসাববিদ তৈরির মাধ্যমে দেশের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠতা সভাপতি মরহুম ড. সালেহ আহমেদ ভূঁইয়া এফসিএমএ, এফসিএস এর কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন ।
অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের সম্মানে নৈশভোজ, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘সিজিএ নাইট ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব জহিরুল ইসলাম এফসিজিএ, জনাব শেখ মনোয়ার হোসেন এফসিজিএ, জনাব হারুন অর রশিদ এফসিএম ও এফসিএস, জনাব ওমর ফারুক রিপন এফসিএ, জনাব মো: নুরুজ্জামান এফসিজিএ, জনাব সোলায়মান এসিজিএ প্রমুখ ।অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লব কুমার এফসিজিএ প্রমুখ
পরিশেষে, সিজিএ বাংলাদেশ-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল সদস্য, আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, আয়োজক কমিটি এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
কালের সমাজ/এএইচবি

