ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক | সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:৫৩ পিএম টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি

টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছেন নগরীর গভর্নর চাদচার্ট সিথিপুন্ট। দেশটির আবহাওয়া দফতর সপ্তাহান্তজুড়ে বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও যানবাহনের অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে থাকতে দেখা গেছে। অনেক বাসিন্দাকে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে।

পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে গভর্নর চাদচার্ট সিথিপুন্ট সতর্ক করেছেন, বন্যার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষ করে শহরের খালসংলগ্ন এলাকাগুলোতে বন্যার প্রভাব সবচেয়ে বেশি বলে জানিয়েছেন তিনি।

বন্যাকবলিত মানুষের সহায়তায় থাই সেনাবাহিনী ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র ও ভ্রাম্যমাণ রান্নাঘর স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) স্থানীয় স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

বন্যার আশঙ্কায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে সুপারমার্কেটগুলোতে মানুষের ভিড় বেড়েছে। ১৯ বছর বয়সী সানসুক লাওওয়াচ্চারাকুল জানান, আগে থেকে খাবার মজুত করতে না পারায় তিনি উদ্বিগ্ন। জীবনে প্রথমবার মা-বাবাকে ছাড়া একা এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় তার উদ্বেগ আরও বেড়েছে।

শনিবার খালসংলগ্ন এলাকায় বসবাসকারী নাগরিকদের ঘরের প্রয়োজনীয় মালামাল ও আসবাবপত্র দ্রুত উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

এদিকে প্লাবিত একটি কনডমিনিয়াম থেকে পরিবারের সদস্যদের নিয়ে লাগেজ হাতে বেরিয়ে আসা স্থানীয় বাসিন্দা সুপ্পাকার্ন জুলাভিজিতফং জানান, সরকারি সতর্কবার্তা পাওয়ার আগ পর্যন্ত পরিস্থিতির গুরুত্ব তিনি বুঝতে পারেননি। ফলে হঠাৎ করে স্থানান্তরের প্রয়োজন হওয়ায় বিপাকে পড়তে হয়েছে তাকে।

তীব্র জলাবদ্ধতার মধ্যেও ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুবর্ণভূমিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ দেশি-বিদেশি যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার সময় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা হাতে রাখার পরামর্শ দিয়েছে।

এর আগে গত নভেম্বরেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। ওই দুর্যোগে অন্তত ১৪৫ জনের মৃত্যু এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার পর এবার রাজধানী ব্যাংককও বড় ধরনের বন্যার কবলে পড়ল।

সূত্র: রয়টার্স

Link copied!