ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বনশ্রীতে শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

কালের সমাজ ডেস্ক | মার্চ ১৯, ২০২৫, ০২:৪০ পিএম বনশ্রীতে শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন দণ্ডই হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। তবে আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান।
২০২১ সালের ২৩ মার্চ গৃহশিক্ষক জাহিদুল ইসলাম ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে যান। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে শিশুর বাবা-মা বাসার কাছে একটি গ্যারেজে ছিলেন। হঠাৎ তারা শিক্ষককে তড়িঘড়ি করে বের হয়ে যেতে দেখেন। পরে শিশুটির কান্নার শব্দ শুনে ঘরে গিয়ে জানতে পারেন, শিক্ষক তাকে ধর্ষণ করেছেন।

পরদিন শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৪ জুলাই পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরের বছরের ২০ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিচার চলাকালে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

অবশেষে বিচার শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

 

কালের সমাজ// এ.জে

Link copied!