ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
বিদ্যুতের ভোল্টেজজনিত কারণ

সচল থাকা একমাত্র রাডারটিও বন্ধ হয়ে গেলো

বিশেষ প্রতিনিধি | জুলাই ৫, ২০২৬, ০৬:১৮ পিএম সচল থাকা একমাত্র রাডারটিও বন্ধ হয়ে গেলো

বিদ্যুতের ভোল্টেজজনিত  কারণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একমাত্র সচল আবহাওয়া রাডারটি গত শনিবার রাত ৮টা থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে। রাডারটি ঢাকা শহরের আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থিত।

বিদ্যুৎ বিভাগের সাথে কাজ করে দ্রুত সমস্যাটি সমাধানের আশা করা হচ্ছে। রাডার বন্ধ থাকায় আবহাওয়াবিদরা বর্তমানে বিকল্প উপাত্ত ব্যবহার করে পূর্বাভাস দিচ্ছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচটি আবহাওয়া রাডারের মধ্যে একমাত্র সচল রাডার ছিলো এটি। অবশেষে বিদ্যুতের কারণে সেটিও বন্ধ হয়ে গেলো।  

রাডার অকেজো হওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী মো. আব্দুল মতিন।

তিনি বলেন, বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যার কারণে রাডারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশা করা হচ্ছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে রাডার বন্ধ থাকায় আবহাওয়ার পূর্বাভাস দিতে বিকল্প তথ্য-উপাত্ত ব্যবহার করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে বলেন, বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে আবহাওয়ার পর্যবেক্ষণ পূর্বাভাস কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

কালের সমাজ/কে.পি/এএইচবি

 

 
 

Link copied!