স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং দুর্গত মানুষের পাশে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। শুক্রবার (দুপুরে) কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যাকবলিত এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধ, সেতুসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ও কৃষি সহায়তা প্রদান করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে এসে উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে সরকার সবসময় কাজ করে যাচ্ছে এবং দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/ এএইচবি

