প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আগামী কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমের ব্যবস্থাপনা বা নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।
এ সময় নির্বাচন কমিশন ছয় বছর বয়স থেকেই ব্যক্তির তথ্য-উপাত্ত সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।
কালের সমাজ/কে.পি

