বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা কিংবা দাফতরিক কাজে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বাংলাদেশে বর্তমানে চালু রয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ঘরে বসেই অনলাইনে এ পাসপোর্টের আবেদন করা যায়। তবে আবেদন জমা দেওয়ার পর ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য দিতে যেতে হয় নির্ধারিত পাসপোর্ট অফিসে।
আবেদন ফরম পূরণ থেকে শুরু করে ফি জমা, বায়োমেট্রিক তথ্য প্রদান এবং পাসপোর্ট সংগ্রহ পর্যন্ত কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। নতুন পাসপোর্ট করতে কী কী প্রয়োজন, কীভাবে আবেদন করবেন এবং খরচ কত—জেনে নিন বিস্তারিত।
অনলাইনে আবেদন করবেন যেভাবে
ই-পাসপোর্ট করতে প্রথমে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট epassport.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর অনলাইন আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা, পেশা এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের তথ্য দিতে হবে।
আবেদন করার সময় তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদের (বিআরসি) সঙ্গে মিলিয়ে পূরণ করতে হবে।
১৮ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে সাধারণত এনআইডির তথ্য প্রয়োজন হয়। ১৮ বছরের কম বয়সিদের এনআইডি না থাকলে অনলাইন জন্মনিবন্ধন সনদ ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে বাবা অথবা মায়ের এনআইডি নম্বরও উল্লেখ করতে হয়।
আবেদন ফরম পূরণ শেষে সুবিধা অনুযায়ী পাসপোর্ট অফিসে যাওয়ার তারিখ ও সময় নির্বাচন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ফরম ও অ্যাপয়েন্টমেন্টের কপি প্রিন্ট করে রাখতে হবে।
পাসপোর্টের ফি জমা দেবেন যেভাবে
আবেদন সম্পন্ন হলে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বর্তমানে অনলাইনে এ-চালান, ডি-জিপে ও সূর্যপের মাধ্যমে ফি দেওয়া যায়। এ ছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে এ-চালানেও ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে।
ফি জমা দেওয়ার পর পেমেন্টের রসিদ বা চালানের কপি সংরক্ষণ করতে হবে। আবেদনের পরবর্তী ধাপে এটি প্রয়োজন হবে।
পাসপোর্টের ফি
৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের সাধারণ ৪ হাজার ২৫, এক্সপ্রেস ৬ হাজার ৩২৫ ও সুপার এক্সপ্রেস ফি যথাক্রমে ৮ হাজার ৬২৫ টাকা। ১০ বছর মেয়াদে এই ফি যথাক্রমে ৫ হাজার ৭৫০, ৮ হাজার ৫০ ও ১০ হাজার ৩৫০ টাকা।
৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৬ হাজার ৩২৫, ৮ হাজার ৬২৫ ও ১২ হাজার ৭৫ টাকা। ১০ বছর মেয়াদে ফি যথাক্রমে ৮ হাজার ৫০, ১০ হাজার ৩৫০ ও ১৩ হাজার ৮০০ টাকা।
ছবি ও বায়োমেট্রিক তথ্য দেবেন যেভাবে
নির্ধারিত দিনে আবেদনকারীকে সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে। সঙ্গে রাখতে হবে প্রিন্ট করা আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, ফি জমার রসিদ এবং প্রযোজ্য অন্যান্য কাগজপত্র।
পাসপোর্ট অফিসে আবেদন যাচাইয়ের পর আবেদনকারীর ছবি তোলা হবে। পাশাপাশি আঙুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান ও ডিজিটাল স্বাক্ষর নেওয়া হবে।
এ সময় আবেদনপত্রে দেওয়া নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম ও ঠিকানাসহ সব তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি। কোনো ভুল থাকলে সংশোধনের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে।
সব প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। পাসপোর্টের বর্তমান অবস্থা অনলাইনেও যাচাই করা যাবে।
পুলিশ ভেরিফিকেশন লাগবে কি?
পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের নিয়মে পরিবর্তন এসেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে সাধারণভাবে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
আবেদনকারীর এনআইডি বা জন্মনিবন্ধনের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ডেটাবেজের তথ্য মিললে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু করা যায়। তবে তথ্যের গরমিল বা বিশেষ কোনো যাচাইয়ের প্রয়োজন হলে অতিরিক্ত যাচাই হতে পারে।
কত দিনে পাওয়া যাবে পাসপোর্ট
ই-পাসপোর্টের ডেলিভারির সময় নির্ভর করে আবেদনের ধরন অনুযায়ী। পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী—
সাধারণ ডেলিভারি: বায়োমেট্রিকের পর ১৫ কর্মদিবস বা ২১ দিন।
এক্সপ্রেস ডেলিভারি: ৭ কর্মদিবস বা ১০ দিন।
সুপার এক্সপ্রেস ডেলিভারি: ২ কর্মদিবস।
নির্ধারিত সময় শেষে ডেলিভারি স্লিপ দেখিয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
নিজ এলাকার পাসপোর্ট অফিসে আবেদন করুন
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর বর্তমান ঠিকানাসংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন জমা দিতে হবে। তাই অযথা ঢাকার আগারগাঁওসহ বড় পাসপোর্ট অফিসে ভিড় না করে নিজ এলাকার নির্ধারিত অফিসে আবেদন করাই সুবিধাজনক।
কালের সমাজ/কে.পি

