ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | মে ২০, ২০২৬, ১১:২৬ এএম পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস বাংলাদেশের

শেষ দিনে মাত্র ৩ উইকেট পেলেই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের, আর পাকিস্তানের সামনে ছিল রান তাড়ার ইতিহাস গড়ে জয় তুলে নেওয়ার হাতছানি। সিলেট টেস্টের সমীকরণ ছিল এমনই।

মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে সেই সমীকরণ মেলানোর চেষ্টায় ছিল সফরকারীরা। কিন্তু সেই চেষ্টা আর বাস্তবে রূপ পায়নি।

বরং বাংলাদেশের বোলাররা সকালের সেশনের শুরুর দিকেই রিজওয়ান সহ বাকি দুই উইকেট তুলে নিয়ে সমীকরণ মিলিয়ে নিলেন। আর বাংলাদেশ পেল ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ, অর্থাৎ পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো টাইগাররা।

সিলেট টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ১২০ রান, হাতে ছিল তিনটি উইকেট। তবে দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে তাদের জয়ের আশা ছিল রিজওয়ান–সাজিদ জুটির ওপর। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। 

পঞ্চম দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান ধৈর্য ধরে খেলতে থাকলেও সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে সহজ ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগে কিছুটা চাপ তৈরি করে পাকিস্তান।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় তাইজুল ইসলামের স্পিনে। গুরুত্বপূর্ণ অষ্টম উইকেটের জুটি ভাঙেন তিনি। সাজিদ খানকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। আউট হওয়ার আগে সাজিদ করেন ৩৬ বলে ২৮ রান।

এরপর দ্রুতই বাকি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ হোয়াইটওয়াশ সম্পন্ন করল টাইগাররা।


কালের সমাজ/এসআর

Link copied!