ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ফিফার কাছে বিশেষ আবেদন আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | জুলাই ১৩, ২০২৬, ০১:১৩ পিএম ফিফার কাছে বিশেষ আবেদন আর্জেন্টিনার

বিশ্বকাপের সেমিফাইনালের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বিশেষ এক আবদার জানিয়েছে আর্জেন্টিনা। ঐতিহাসিক এই ম্যাচে নিজেদের পছন্দের নীল জার্সি পরে মাঠে নামার অনুমতি চেয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আবেদন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী বুধবার আটলান্টার মঞ্চে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই দলের দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার কারণে ম্যাচটি ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

আর্জেন্টিনার জাতীয় দলকে বিশ্বকাপে খুব কাছ থেকে অনুসরণ করা ক্রীড়া সাংবাদিক গ্যাস্তোন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার জন্য ফিফার কাছে আবেদন করেছে আর্জেন্টিনা।

তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার জন্য আবেদন করেছে আর্জেন্টিনা।’

তবে আর্জেন্টিনার এই অনুরোধে এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। এদুল জানিয়েছেন, আগামী মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আর্জেন্টিনার এই আবেদনের পেছনে রয়েছে বিশেষ এক ইতিহাস। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে তাদের সবচেয়ে স্মরণীয় দুটি জয়ই এসেছিল নীল জার্সি পরে।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক ম্যাচে দিয়েগো ম্যারাডোনা করেছিলেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত দুটি গোল—‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। সেদিন আর্জেন্টিনার খেলোয়াড়দের গায়ে ছিল নীল জার্সি।

এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একই রঙের জার্সি পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল তারা।

অন্যদিকে বিশ্বকাপের আগে দুটি হারের স্মৃতিও রয়েছে আর্জেন্টিনার। ১৯৬২ সালের চিলি বিশ্বকাপ এবং ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে আকাশি-সাদা জার্সি পরে ইংল্যান্ডের কাছে হেরেছিল আর্জেন্টিনা। তাই নীল জার্সিকে অনেকেই ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জন্য সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখেন।

তবে শুধু ইতিহাস বা সৌভাগ্যের বিষয় নয়, ফিফার নিয়মের কারণেও আর্জেন্টিনার এই আবেদনের যৌক্তিকতা রয়েছে। নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের ম্যাচে ইংল্যান্ডকে হোম টিম হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে ইংল্যান্ড তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরে মাঠে নামবে।

এ কারণে প্রতিপক্ষ দল হিসেবে আর্জেন্টিনাকে সাধারণত অ্যাওয়ে কিট ব্যবহার করতে হবে। আর সেই জায়গা থেকেই নিজেদের পছন্দের নীল জার্সি পরে মাঠে নামার অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার আটলান্টার সেমিফাইনালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে নীল জার্সিতেই দেখা যেতে পারে। তবে তার আগে অপেক্ষা করতে হবে ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।

কালের সমাজ/এসআর

Link copied!