বিশ্বকাপের যে ম্যাচকে ঘিরে লম্বা সময় ধরে আলোচনা হচ্ছিল, সেই ম্যাচ শুরু হতে বাকি নেই ২৪ ঘণ্টাও। বুধবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।
আর্জেন্টিনা তিনবারের এবং ইংল্যান্ড একবারের বিশ্ব চ্যাম্পিয়ন। রাজনৈতিক বৈরিতা, যুদ্ধের ইতিহাস, ১৮০৬ ও ১৮০৭ সালে ব্রিটিশদের আর্জেন্টিনা আক্রমণ, দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ কিংবা ডেভিড বেকহ্যামের লাল কার্ড। সব মিলিয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনার দ্বৈরথ ফুটবল বিশ্বের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
আরেকটি ম্যাচ যখন দরজায় টোকা দিচ্ছে তখন পুরোনো প্রতিদ্বন্দ্বীতাগুলো সামনে আসছে। উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। ঝাঁঝ ছড়িয়ে দিচ্ছে। সেই ঝাঁঝ একটু বাড়িয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডকে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, আর্জেন্টিনা রক্তের শেষবিন্দু পর্যন্ত লড়বে। কোনো ছাড় দেবে না।
আটালান্টায় দলের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে হাজির হন স্কালোনি। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ। তিনি জানিয়েছেন, দল ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে এবং সেই লক্ষ্য পূরণে খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে।
স্কালোনি বলেন, ‘আমাদের মধ্যে যথেষ্ট ইচ্ছা ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সেই চাপ আমাদের সামলে মাঠে খেলায় মনোযোগও দিতে হবে। বল দখলে রেখে খেলতে হবে এবং যেসব খেলোয়াড় এতদিন আমাদের দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে, তাদের সেরাটা মাঠে দেখতে হবে।’
একে তো বিশ্বকাপের সেমিফাইনাল। তার ওপরে প্রতিপক্ষ ইংল্যান্ড। আবেগ, রোমাঞ্চ একটু বেশিই কাজ করছে। ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন হচ্ছে এই লড়াই। তবে স্কালোনি নিজের আবেগকে দমিয়ে রেখেছেন বলেই দাবি করলেন, ‘এটিকে শুধু একটি ফুটবল ম্যাচ হিসেবেই দেখতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো সহজ নয়, এখানে আসতে হলে অনেক কষ্ট করতে হয়।’
ইংল্যান্ড ম্যাচ নিয়ে স্কালোনির দৃঢ় বার্তা, ‘আগামীকাল (আজ) ফাইনালে ওঠার জন্য আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। আমার খেলোয়াড়রা সবসময় মাঠে নিজেদের শতভাগ দিয়েছে। তবে শুধু লড়াই নয়, ভালো ফুটবল খেলাটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
থ্রি লায়ন্সের সমর্থকরা গ্যালারিতে গগণবিদারী চিৎকারে আর্জেন্টিনার সমর্থক এবং খেলোয়াড়দের কঠিন পরীক্ষা নেবে। নিজেদের দেশের সমর্থকদের উদ্দেশ্য করে আর্জেন্টিনার কোচ বলেন, ‘এই মুহূর্তটা উপভোগ করুন। আমাদের সন্তুষ্ট, রোমাঞ্চিত এবং এই খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’
ম্যাচে দলের একাদশে পরিবর্তন আসতে পারে সেই আভাস দিয়ে রেখেছেন তিনি, ‘আগে কী করেছে, সেটার জন্য কেউ দলে খেলবে না। বরং এখন কে কতটা দিতে পারবে, সেটাই বিবেচনা করা হবে।’
নিজের খেলোয়াড়দের প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এই খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আবারও আমাদের বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে এসেছে। আমরা বিশ্বের সেরাদের মধ্যে আছি এবং এখানে পৌঁছাতে পেরেছি কারণ আমরা অনেক কিছু ঠিকভাবে করেছি।’
তিনি আরও যোগ করেন, ‘আগের কোনো ম্যাচের সঙ্গে পরের ম্যাচের মিল নেই। যেখানে ভুল ছিল, সেখানে উন্নতি করার চেষ্টা করব। আমাদের উত্তেজনা ও আত্মবিশ্বাস দুটোই রয়েছে। এখন পর্যন্ত যা অর্জন করেছি, সেটার মূল্য দিতে হবে।’
কালের সমাজ/এসআর

