২০২৬ ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে ৯৬টি ম্যাচ। বাকি আছে আর মাত্র আটটি। শিরোপার দৌড়ে টিকে আছে শেষ আট দল।
একদিনের বিরতির পর বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। এই পর্বকে সামনে রেখে নিজেদের সর্বশেষ সুপার কম্পিউটার পূর্বাভাস প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার দ্বিতীয় ম্যাচে লড়বে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে, নকআউট পর্বের শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
নকআউট পর্বে এবারও বেশ নির্ভুল পূর্বাভাস দিয়েছে অপটার সুপার কম্পিউটার। শেষ আটে ওঠা আট দলের মধ্যে ছয়টির নাম আগেই সঠিকভাবে অনুমান করেছিল তারা। এছাড়া শেষ ষোলোর ১৬ ম্যাচের মধ্যে ১৪টির ফলও মিলেছে তাদের পূর্বাভাসের সঙ্গে। সর্বশেষ বিশ্লেষণে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকেই সেমিফাইনালে ওঠার সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে দেখছে অপটা।
অপটার হিসাব অনুযায়ী, মরক্কোর বিপক্ষে ফ্রান্সের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৩.৮৮ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৬.১২ শতাংশ। স্পেনের সম্ভাবনা ৬৯.৭০ শতাংশ, আর বেলজিয়ামের ৩০.৩০ শতাংশ। নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাবনা ৬২.৩৫ শতাংশ, নরওয়ের ৩৭.৬৫ শতাংশ। অন্যদিকে, সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাবনা ৬৯.১৩ শতাংশ, আর সুইজারল্যান্ডের ৩০.৮৭ শতাংশ।
শুধু সেমিফাইনাল নয়, বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও প্রকাশ করেছে অপটার সুপার কম্পিউটার। সর্বশেষ পূর্বাভাসে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে স্পেন। আর তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পেলেও লিওনেল মেসিদের শিরোপা জয়ের সম্ভাবনা আগের তুলনায় বেড়েছে বলে মনে করছে অপটা। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।
অন্যদিকে নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম। অপটার হিসাব অনুযায়ী, ফ্রান্সের শিরোপা জয়ের সম্ভাবনা ২৭.৩ শতাংশ, স্পেনের ২১.৩ শতাংশ, আর্জেন্টিনার ১৭.৩ শতাংশ এবং ইংল্যান্ডের ১৬.৫ শতাংশ। এছাড়া নরওয়ের সম্ভাবনা ৬.৬ শতাংশ, সুইজারল্যান্ডের ৩.৮ শতাংশ, মরক্কোর ৩.৭ শতাংশ এবং বেলজিয়ামের ৩.৬ শতাংশ।
কালের সমাজ/এসআর

