মিশরের বিপক্ষে ঐতিহাসিক প্রত্যাবর্তনের জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা শিবিরে একমাত্র দুশ্চিন্তার কারণ ছিলেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। ম্যাচ শেষে তার বাঁ পায়ের কাফে অস্বস্তি অনুভূত হওয়ায় সাময়িক উদ্বেগ তৈরি হয়েছিল। তবে পরে জানা যায়, এটি শুধুই সাধারণ ক্র্যাম্প ছিল এবং গুরুতর কোনো চোট নয়। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।
বুধবার (৮ জুলাই) দলের অনুশীলনে অংশ নিয়ে রোমেরো পুরোপুরি সুস্থ আছেন বলে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনা দল। ফলে বাংলাদেশ সময় আগামী রোববার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
মিশরের বিপক্ষে ম্যাচে রোমেরো দুর্দান্ত এক হেডে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন। তার সেই গোল দলকে ম্যাচে ফেরার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবারের অনুশীলন মূলত গা গরমের ছিল। যারা আগের ম্যাচে পুরো সময় বা দীর্ঘ সময় খেলেছেন, তারা জিমে অনুশীলন ও রিকভারি সেশন করেছেন। অন্যদিকে, যারা কম সময় খেলেছেন বা মাঠে নামেননি, তারা মাঠে আলাদা অনুশীলন করেছেন। অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়।
এই সেশন থেকে সম্ভাব্য একাদশ সম্পর্কে তেমন কোনো ইঙ্গিত মেলেনি। তবে কোচ লিওনেল স্কালোনি মিশরের বিপক্ষে খেলানো দলে খুব বেশি পরিবর্তন আনবেন না বলেই ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবারের অনুশীলনে সম্ভাব্য শুরুর একাদশ চূড়ান্ত করা হবে। আর শুক্রবার শেষ অনুশীলনের পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হবেন কোচ স্কালোনি।
আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কালের সমাজ/এসআর

