ফ্রান্সকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়ার পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। এর পেছনে কারণ হিসেবে তিনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।
সেমিফাইনালে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আমি চাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। তবে ইংল্যান্ডও সমান কঠিন প্রতিপক্ষ। দুই সেমিফাইনালই আসলে ফাইনালের আগের ফাইনালের মতো।’
তিনি আরও বলেন, ‘ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল এবার প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। তাই যে দলই ফাইনালে আসুক, ম্যাচটি হবে অত্যন্ত কঠিন।’
ফ্রান্সের বিপক্ষে জয়ের গুরুত্ব তুলে ধরে স্পেন কোচ বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে; এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা সব প্রশংসার দাবিদার। তাদের নিবেদন, উদারতা ও প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলাটা ছিল দেখার মতো।’
অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনিও প্রশংসায় ভাসান দে লা ফুয়েন্তেকে।
আর্জেন্টিনা কোচ বলেন, ‘লুইসের জন্য আমি খুবই আনন্দিত। সে দারুণ একজন মানুষ এবং এই সাফল্যের পুরোপুরি যোগ্য। কোচিং কোর্স করার সময় সে আমাকে সবসময় সহযোগিতা করেছে।’
মজার ছলে স্কালোনি আরও বলেন, ‘আমি তাকে ফোন করব কি না, সেটা নির্ভর করবে আমাদের ফলাফলের ওপর। আমরা জিতলে ফোন করব না, হারলে হয়তো তাকে ফোন করে সাহায্য চাইব। তবে আশা করি, ফাইনালের আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।’
উল্লেখ্য, লিওনেল স্কালোনি যখন স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন, তখন তার প্রশিক্ষকদের একজন ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। সেই সময় থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
কালের সমাজ/এসআর

