মোটরসাইকেল ও গাড়ি চালানোর সময় চালক ও আরোহীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদভাবে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশের পরামর্শ অনুযায়ী, মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে চালক ও আরোহী- উভয়েরই হেলমেট ব্যবহার করা উচিত। মোটরসাইকেলে চালকসহ আরোহীর সংখ্যা দুজনের বেশি না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবহার ও অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি বড় ও ভারী যানবাহনের রুট সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ, যাতে চালকরা সহজে একে অপরকে দেখতে পারেন।
লেন পরিবর্তন বা টার্ন নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের কথাও বলা হয়েছে। অন্যদিকে অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানো এবং বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকদের ভুলে মেজাজ হারানো যাবে না। মাদক সেবন করে, নিদ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
মহাসড়কে ওভারটেকিং থেকে বিরত থেকে নির্ধারিত লেনে গাড়ি চালানো এবং হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও পথচারীদের সচেতন ও দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
কালের সমাজ/এসআর

