ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাস পরিস্থিতির উন্নতি

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৪:২৮ পিএম এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাস পরিস্থিতির উন্নতি

কক্সবাজারের মহেশখালীতে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর আবার শুরু হওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার স্থানান্তর কার্যক্রম ব্যাহত হলেও শুক্রবার সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের এলএনজি স্থানান্তর শুরু হয়।

এর ফলে আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় গ্যাসের পরিমাণ বেড়েছে।

পেট্রোবাংলার দৈনিক গ্যাস সরবরাহের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ২টায় দেশে মোট ২ হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে পাওয়া গেছে ৯১৮ মিলিয়ন ঘনফুট।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুট। ওই সময়ে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৬৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

অর্থাৎ এক দিনের ব্যবধানে এলএনজি থেকে গ্যাস সরবরাহ ২৩২ মিলিয়ন ঘনফুট বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে সামিটের ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর বাধাগ্রস্ত হয়। এতে সামিটের টার্মিনালের কার্যক্রম বন্ধ থাকায় সামগ্রিক গ্যাস সরবরাহ কমে যায়।

বৃহস্পতিবার রাতে দেশে গ্যাস সরবরাহ প্রায় ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন, শিল্পসহ বিভিন্ন খাতে গ্যাসের সংকট তৈরি হয়।

পেট্রোবাংলা বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আবহাওয়ার উন্নতি হলে এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক হবে। টার্মিনালের কার্যক্রম পুনরায় চালু হলে গ্যাস সরবরাহ পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে জানানো হয়েছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পেট্রোবাংলার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হয়েছে। এর ফলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

এলএনজি সরবরাহ বাড়ায় বৃহস্পতিবার তৈরি হওয়া গ্যাসের চাপও কমে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


কালের সমাজ/কে.পি

 

Link copied!