ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

ভুল পানাহারে ভাঙে না সওম

হাফিজ মাওলানা মাসউদুল কাদির | ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:১৬ পিএম ভুল পানাহারে ভাঙে না সওম

আজ সিয়ামসাধনার চতুর্থ দিন। আজ সিয়াম সাধনার ক্ষেত্রে আমরা যেসব ভুল করে থাকি তা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের পারলৌকিক উন্নয়নের জন্যই আমলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সচেতনভাবে অল্প আমলও মুক্তির জন্য যথেষ্ট। পুণ্যের কাজ অনেক বেশি করলাম কিন্তু ভুল করলাম, তাতে লাভ নেই। রমজানের আমলের লাভ ঘরে তোলার জন্য আমাদের সচেতনভাবে অগ্রসর হতে হবে।

সিয়াম সাধনার ক্ষেত্রে কিছু জ্ঞান অর্জন করলে ক্ষতির কিছু নেই। অনেক ক্ষেত্রে না জানার কারণে আমরা রোজা সঠিকভাবে পালন করতে পারি না। ধরুন, রোজার কথা ভুলে গিয়ে কেউ পানাহার করে নিলো। তখন এ ব্যক্তি কী করবেন? আদতে এতে ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয় না। স্বাভাবিকভাবেই দিনের রোজা পালন করতে পারবেন।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে রোজার কথা ভুলে গিয়ে পানাহার করে বসে সে যেনো তার রোজা অব্যাহত রাখে কারণ তাকে আল্লাহ তাআলা পানাহার করিয়েছেন।’ (মুসলিম)

শুধু তাই নয়, সাহরি খেতে কিংবা ইফতার করার ক্ষেত্রে অনেকে না জানার কারণে ভুল করে বসেন। ফজরের ওয়াক্ত শুরু হয়নি ভেবে খাওয়াটা চালিয়ে যান, আবার কেউ ইফতারের সময় হয়ে গেছে ভেবে রোজা ভাঙেন। ভুলবশত হওয়ায় এতে রোজার ক্ষতি হবে না। তবে জানার পরও খাবার না থামালে তখন রোজা ভেঙে যাবে। বুখারির এক বর্ণনায় আছে হযরত আসমা বিনতে আবূ বকর বলেন, ‘নবীজীর যুগে এক মেঘাচ্ছন্ন দিনে সূর্যাস্ত হয়েছে মনে করে আমরা ইফতার করলাম। তারপর সূর্য দেখা গেল’।  

এ ছাড়া অনিচ্ছাকৃত পানাহার করলেও রোজা ভাঙবে না। আমরা জানি, কেবল রোজাই ফরজ নয়। ফরজ সালাতও। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের জন্য আমাদের অজু করতে হয়। কুলি করতে হয়। নানা কারণে মুখে পানি দিতে হয়। এতে যদি পানি কোনো কারণে ভুলবশত গলার ভেতর প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না।

মহান আল্লাহ বলেন, ‘তোমরা কোনো ভুল করলে কোনো অপরাধ নেই। কিন্তু তোমাদের অন্তর ইচ্ছা করলে অপরাধ হবে’। (সূরা আহযাব : আয়াত ৫)

এমন আরও নানা উপায়ে আমাদের ভুল হতে পারে। এ থেকে সজাগ ও সচেতন থাকার কোনো বিকল্প নেই। একজন মোমিন অবশ্যই সবসময় সতর্ক থাকবেন। তারপর আমাদের ভুল হতে পারে। তবে সামান্য ভুলের কারণে যেনো আমাদের পুরো রোজাই নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সচেতন থেকে রোজার আমল করার তাওফিক দিন। আমীন।

লেখক : পারিচালক, আন-নাহাল ইসলামিক এডুকেশন ফোরাম ঢাকা।

ইমেইল : masudulkadir83@gmail.com

Side banner
Link copied!