ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশমকে আবেগঘন বিদায়বার্তা এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক | জুলাই ১৯, ২০২৬, ১২:৪৮ পিএম দেশমকে আবেগঘন বিদায়বার্তা এমবাপ্পের

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায় রাঙাতে পারেনি তার শিষ্যরা। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে হারিয়েছে ফ্রান্সকে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ ও খেলোয়াড় দেশমের বিদায়ের দিনটা মলিন হয়েছে নিশ্চিতভাবেই। তাতেই নিজেদের ওপর ক্ষোভ কিলিয়ান এমবাপ্পেদের।

দেশমের বিদায়ের আগে আবেগঘন বার্তা দিয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ১৪ বছরের সফল অধ্যায়ের ইতি টানতে যাওয়া এই কোচকে প্রাপ্য বিদায় দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন ফরাসি তারকা। এক পোস্টে এমবাপ্পে লিখেছেন, ‘আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে। আপনি আমাদের এত কিছু দিয়েছেন। কিন্তু আপনার প্রাপ্য বিদায়টা আমরা দিতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।’

২০১২ সালে দেশম ফ্রান্সের দায়িত্ব নেন। তার অধীনে ২০১৮ সালে ফরাসিরা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। ২০২২ সালে দলকে ফাইনালে তুললেও শিরোপা জিততে পারেনি। আর ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে শেষ হয় দেশমের কোচিং অধ্যায়। শেষমেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হেরে চতুর্থ হয়ে শেষ করতে হয়ে বিশ্বকাপ।

দেশমের অবদান স্মরণ করে এমবাপ্পে বলেন, ‘১৪ বছরে আপনি এই দলকে যা দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। ফরাসি ফুটবলের পুনর্জাগরণে আপনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন। অনেকেই হয়তো আপনার মহত্ত্বের যথাযথ মূল্যায়ন করেননি। তবে সময় এবং ইতিহাস অবশ্যই সেটির বিচার করবে।’

ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে (৬৪ গোল) দেশমকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় দলের হয়ে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিরকৃতজ্ঞ। তার ভাষায়, ‘আমাদের দেশের অন্যতম সেরা কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আমরা একসঙ্গে যে স্মৃতি ও সাফল্য ভাগ করে নিয়েছি, সেগুলোই আজীবন মনে রাখব। আপনার নতুন যাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা।’

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম পরে কোচ হিসেবেও দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। দীর্ঘ ১৪ বছরের দায়িত্ব শেষে এবার শেষ হচ্ছে তার বর্ণাঢ্য অধ্যায়। ফ্রান্সের নতুন কোচ হতে যাচ্ছেন আরেক বিশ্বকাপজয়ী খেলোয়াড় জিনেদিন জিদান।

কালের সমাজ/এসআর

Link copied!