ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস ও কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি,গাজীপুর | নভেম্বর ১০, ২০২৬, ১২:০১ পিএম গাজীপুরে বাস ও কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়ার পর এবার একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চন্দ্রার হাজীবাড়ী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ ভ্যানের সামনের অংশ থেকে আগুন ও ধোঁয়া উড়তে দেখেন পথচারীরা। এ সময় তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।

এর আগে সন্ধ্যায় জেলার চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েক ঘণ্টা পর কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চন্দ্রা-নবীনগর সড়কের হাজী বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। এটি নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!