ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমিরাতের ফুজাইরাহ বন্দর পর্যন্ত পানিসীমা নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের

কালের সমাজ ডেস্ক | মে ২৩, ২০২৬, ০১:৫২ পিএম আমিরাতের ফুজাইরাহ বন্দর পর্যন্ত পানিসীমা নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। এই সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের পানিসীমা পর্যন্ত এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকবে।

ফুজাইরাহ বন্দর ওমান উপসাগরের তীরে অবস্থিত। হরমুজ প্রণালির বাধা এড়ানোর জন্য আমিরাত এই বন্দর থেকে তেল রপ্তানি করে। তারা এই অঞ্চলে একটি পাইপলাইন নির্মাণেরও ঘোষণা দিয়েছে।

এক্সে দেওয়া পোস্টে পারস্য উপসাগরীয় কর্তৃপক্ষ জানায়, হরমুজ প্রণালি পরিচালনার জন্য নিজেদের নিয়ন্ত্রণাধীন আইনি এলাকা নির্ধারণ করা হয়েছে। এই এলাকাটি ইরানের কুহ-ই মুবারক থেকে আমিরাতের ফুজাইরাহর দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এছাড়া, ইরানের কেশম দ্বীপ থেকে আমিরাতের উম্ম আল-কুওয়াইন পর্যন্ত অংশও এই এলাকার মধ্যে পড়বে।

সংস্থাটি আরো জানায়, হরমুজ অতিক্রম করার উদ্দেশে এই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতের জন্য তাদের সঙ্গে সমন্বয় ও বাধ্যতামূলক অনুমতি নিতে হবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। আমিরাত এই প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণের বিরোধিতা করছে। গত শুক্রবার আমিরাত ঘোষণা দেয়, হরমুজ প্রণালি এড়াতে তারা ফুজাইরাহ বন্দরের মধ্য দিয়ে একটি নতুন পাইপলাইন নির্মাণের কাজ করছে।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, ‘ওয়েস্ট-ইস্ট’ নামের পাইপলাইনটি ফুজাইরাহ দিয়ে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আডনক’-এর রপ্তানির সক্ষমতাকে দ্বিগুণ করবে। আগামী বছর থেকে এটি পুরোদমে সচলের আশা করা হচ্ছে। সূত্র: পার্সটুডে

কালের সমাজ/এসআর

Link copied!