পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২ জুন) নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা মো. মতিউর রহমান (৭১) মারা যান।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে মারা যাওয়া ৪৪ হাজির মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের মধ্যে ৩৪ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।
এদিকে মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন।
ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫টি, সৌদি এয়ারলাইনস ১৮টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ২৪৯ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে ৩২ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন।
হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে, হাজিদের ফিরতি যাত্রা শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
কালের সমাজ/ওজি

