ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের নেপথ্যে ট্রাম্পের চাপ!

স্পোর্টস ডেস্ক | জুলাই ৬, ২০২৬, ০৩:০৩ এএম বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের নেপথ্যে ট্রাম্পের চাপ!

আমেরিকান স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের নেপথ্যে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন করার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে বিশ্ববিখ্যাত মার্কিন দৈনিক ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আজ এক প্রতিবেদনে জানিয়েছে, বালোগান লাল কার্ড পাওয়ার পরপরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এই শাস্তি পুনর্বিবেচনার জন্য জোরালো অনুরোধ জানিয়েছিলেন।

হোয়াইট হাউসের এই সরাসরি হস্তক্ষেপের পর ফিফা বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে আজ বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাকে খেলার অনুমতি দেয়। ফিফার ইতিহাসে এমন ঘটনা চরম বিরল।

১৯৬২ সালের পর এই প্রথম ফিফা এমন কোনো খেলোয়াড়কে মাঠে নামার অনুমতি দিল, যিনি নিয়ম অনুযায়ী স্পষ্টতই নিষিদ্ধ থাকার যোগ্য।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই ঘটনার পেছনে ফিফা প্রধানের রাজনৈতিক সমীকরণের দিকটিও তুলে ধরা হয়েছে।

সেখানে বলা হয়, ফিফা সভাপতি ইনফান্তিনো গত কয়েক বছর ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এমনকি গত বছর ট্রাম্প যখন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য লবিং করছিলেন (যা পরবর্তীতে তিনি পাননি), তখন ফিফা নিজে থেকে ‘ফিফা শান্তি পুরস্কার’  নামক একটি নতুন পুরস্কার তৈরি করে ট্রাম্পকে ভূষিত করেছিল।

এই ফোন কলের বিষয়ে নিউইয়র্ক টাইমস ফিফা এবং বেলজিয়াম ফুটবল ফেডারেশনের সভাপতি পাস্কালে ভন ড্যামের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর পোস্টটিকেই তাদের বক্তব্য হিসেবে উল্লেখ করে। ট্রাম্প তার পোস্টে ইনফান্তিনোকে ফোন করার বিষয়টি গোপন রেখে লেখেন, ‘সঠিক কাজটি করার এবং একটি বড় অন্যায়কে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’

ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারার দোহাই দিয়ে বালোগানের শাস্তি আগামী এক বছরের জন্য স্থগিত রেখেছে। তবে এই সিদ্ধান্তের সুবিধা পুরোপুরি পাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। কারণ গত ২৪ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আমেরিকানদের প্রধান ভরসা এই শীর্ষ গোলদাতাই।

কালের সমাজ/এসআর

Link copied!