ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের সহায়তা

জেলা প্রতিনিধি, কক্সবাজার | জুলাই ১০, ২০২৬, ০৯:০৮ পিএম পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে হিন্দুপাড়া ও ছাতিপাড়ার একাংশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে এবং রান্না-বান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফর রহমান কাজল এমপি। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয় এবং তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়।

শুকনা খাবার বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন। তিনি দুর্গত এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন। এ সময় তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা একটি মানবিক দায়িত্ব এবং সংসদ সদস্যের নির্দেশনায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে, অপ্রয়োজনীয়ভাবে স্রোতযুক্ত পানিতে চলাচল থেকে বিরত থাকতে হবে, বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। প্রয়োজনে আরও খাদ্যসহায়তা ও মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় অনেক পরিবার খাদ্যসংকট ও দুর্ভোগে পড়েছে। এমন সময় জনপ্রতিনিধির পক্ষ থেকে শুকনা খাবার ও খোঁজখবর নেওয়ার উদ্যোগ তাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তারা দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং পর্যাপ্ত সরকারি ত্রাণ সহায়তার দাবি জানান।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। দুর্যোগ মোকাবিলায় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিচু এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্যোগের এই সময়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফর রহমান কাজল এমপির পক্ষের প্রতিনিধিরা।

কালের সমাজ/কে.পি

Link copied!