২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরে যাওয়া প্রায় এক লাখ শিক্ষক-শিক্ষিকার ভাতা দিতে ২ হাজার কোটি টাকার বিশেষ ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। দীর্ঘ আন্দোলনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা এই সরকার শিক্ষা খাত পুনরুজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
বর্তমান সরকারের আমলে শিক্ষা বাজেট তিন গুণ এবং স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সম্মেলনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির বিষয়েও বক্তব্য দেন মীর শাহে আলম। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টি সরকারের কাছে গুরুত্বপূর্ণ। তবে জাতীয়করণের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের বিষয়টিও বিবেচনা করতে হবে।
শিক্ষকদের সুশৃঙ্খলভাবে দাবি তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে বড় পরিসরে কর্মসূচি পালন করে সরকারের কাছে বার্তা পৌঁছাতে হবে। এতে সরকার শিক্ষকদের দাবির গুরুত্ব আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে।
সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এ ছাড়া সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

