ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

স্পোর্টস ডেস্ক | জুলাই ৫, ২০২৬, ১১:৪৩ এএম ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি নরওয়ের সামনে। এ পর্যন্ত চার ম্যাচের তিনটি জিতে দারুণ ছন্দেও আছে দলটি। তবে শেষ আটের টিকিট পেতে হলে তাদের পেরোতে হবে ব্রাজিল বাধা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে সেলেসাওদের কিছুটা হালকাভাবেই নিচ্ছেন নরওয়ের কোচ স্তল সুলবাকেন। তার মতে, ব্রাজিল এখন আর আগের মতো অত বড় মাপের দল নয়।

আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নিউইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা পূরণের স্বপ্ন নিয়ে আসা ব্রাজিল এবারের আসরের অন্যতম ফেভারিট। তবে পরিসংখ্যানের পাতায় সেলেসাওদের কোনো সাফল্য নেই নরওয়ের বিপক্ষে। এ পর্যন্ত মুখোমুখি চার ম্যাচের একটিতেও জিততে পারেনি ব্রাজিল। বিশ্বকাপে দুই দলের সবশেষ দেখায় ১৯৯৮ সালের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়েই। আর্লিং হলান্ডের মতো এক ‘গোলমেশিন’ নিয়ে এবার তাই আরও বেশি আত্মবিশ্বাসী ইউরোপের দলটি।

ম্যাচের আগে ব্রাজিলকে নিয়ে নিজের সোজাসাপ্টা মূল্যায়নে নরওয়ে কোচ স্তল সুলবাকেন বলেন, ‘আমি মনে করি না তারা খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেভারিট, কয়েক বছর আগে যেমনটা তারা ছিল। লম্বা সময় ধরে আমরাও খুব ভালো ছন্দে ছুটছি এবং আমাদের দলে দারুণ আত্মবিশ্বাস আছে। বল পায়ে আমাদের খেলার ভালো একটা ধরন আছে এবং আমি মনে করি, এটা আমাদের অনেক সাহায্য করবে।’

চলতি আসরে নরওয়ের এই ছন্দে ছুটে চলায় দারুণ অবদান হলান্ডের। টুর্নামেন্টে এরই মধ্যে পাঁচটি গোল করেছেন এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় না থেকে নিজেদের চেনা আক্রমণাত্মক ফুটবল খেলার দিকেই পুরো মনোযোগ কোচের।

সুলবাকেন আরও বলেন, ‘আমরা এমন একটা দল, যারা ব্রাজিলের আক্রমণের জন্য শুধু বসে থাকতে পারি না; কারণ আমরা আক্রমণাত্মক মানসিকতার দল। ব্রাজিলের বিপক্ষে ৯০ বা ১২০ মিনিটের খেলায় আমাদের রক্ষণ সামলাতে হতে পারে, তখনও আমাদের সেরা পর্যায়ে থাকতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আমাদের দিনে ব্রাজিলকে আঘাত করতে পারি। কিন্তু এই জন্য আমাদের সেরা ছন্দে থাকা দরকার; নয়তো কোনো সুযোগ নেই।’

কালের সমাজ/এসআর

Link copied!